রাজধানীর মিরপুরে পুলিশি নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন হত্যার ঘটনায় পুলিশের সোর্স নাসিম শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে তিনি এ স্বীকারোক্তি প্রদান করেন। মামলার প্রধান আসামি এসআই জাহিদ স্বীকারোক্তি না দেওয়ায় তাকে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী তার ফের দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফলে জাহিদকে চার দফায় ১৪ দিন রিমান্ডে নিল ডিবি পুলিশ।
তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে নাসিমকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত নাসিমের স্বীকারোক্তি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মাহবুবুর রহমান সুজন নামে এক ঝুট ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগে ১৫ জুলাই এসআই জাহিদ ও সোর্স নাসিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর তিন দফায় তাদের ১২ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। গত ১৩ জুলাই হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদ বাসায় অভিযান চালিয়ে সুজনকে আটক করে মিরপুর থানায় নিয়ে আসেন এসআই জাহিদ। এরপর রাত অনুমান সোয়া বারটা থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে নিজেদের হেফাজতে রেখে তাকে নির্যাতন করেন। ফলে আটক মাহবুবুর রহমান সুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম খান বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
