বার্সেলোনা ফুটবলাররা যখন সেন্ট জর্জেস পার্কে আসন্ন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন সেই সময়ে বিশ্বকাপের ধকল কাটিয়ে উঠতে লিওনেল মেসি বাড়তি ছুটি কাটাচ্ছেন ইতালিতে। তারপরও স্প্যানিশ জায়ান্টদের আশা ছুটি কাটিয়ে ফুরফুরে মেজাজে ফিরে আর্জেন্টাইন অধিনায়ক তাদের শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখবেন।
মেসি তার বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে ইতালির সমুদ্র তীরবর্তী এক ক্ষুদ্র দ্বীপ পোনজায় ছুটি কাটাচ্ছেন। লন্ডনের ডেইলি মেইল জানায়, ২৬ বছর বয়সী খেলোয়াড়টিকে অতিক্রান্ত মৌসুমের মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে বলেই বাড়তি ছুটি দিয়েছে তার ক্লাব। মেসি গেল মৌসুমের শেষভাগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজের দলকে ফাইনালে তোলেন।
বার্সেলোনা এবার প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে ইংল্যান্ডের স্ট্যামফোর্ডশায়ারে ইংল্যান্ড জাতীয় দলের অনুশীলন কেন্দ্র সেন্ট জর্জেস পার্কে সপ্তাহখানেক ধরে অবস্থান করছে। আজ শনিবার দলটি স্পেনে ফিরে যাবে।
এদিকে মেসি ছাড়া আরো একজন খেলোয়াড় নেই বার্সেলোনার অনুশীলনে। তিনি হলেন তাদের নতুন তারকা খেলোয়াড় লুই সুয়ারেজ। কাতালান ক্লাবটি এ মৌসুমে সাড়ে সাত কোটি পাউন্ডে লিভারপুল থেকে সুয়ারেজকে সই করালেও উরুগুয়ে স্ট্রাইকারটি নিষেধাজ্ঞার কারণে অনুশীলন পর্যন্ত করতে পারছেন না।
মূলত বিশ্বকাপের খেলায় ইতালির জর্জিয়ো চিয়েলিনিকে কামড়ে দেয়ার ঘটনায় ফিফা তাকে নয়টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের পাশাপাশি চার মাস খেলাটির সকল ব্যাপারে অংশ নেয়া থাকতে বিরত থাকতে নির্দেশ দেয়।
