ইউনাইটেড-রিয়াল লড়াই আজ

ফিট রোনালদো!

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:১৭
বিশ্বকাপে পুরোপুরি ফিট ছিলেন না। মাঠের খেলায়ও তাই পড়েছিল সেই প্রভাব। ব্রাজিলে দেখা গেছে নিজেকে হারিয়ে খোঁজা এক ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগালকেও তাই বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই। কিন্তু রোনালদোকে সেরা রূপে দেখার অপেক্ষার অবশেষে অবসান ঘটতে যাচ্ছে। আজ ফিট হয়ে মাঠে নামবেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তার প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে ওঠার জন্য মরিয়া রোনালদো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচটাও আলাদা গুরুত্ব বহন করছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ‘বিগ হাউজ’ বলে পরিচিত মিশিগান স্টেডিয়ামে। মাঠে উপস্থিত থাকবে প্রায় এক লাখ নয় হাজার দর্শক। এতো সমর্থকদের সামনে নিজেকে মেলে ধরতে পারবেন তো রোনালদো? চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে দলে ছিলেন না ২৯ বছর বয়সী ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। সেই ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার কাছে ১-০ গোলে হেরে যায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। পর্তুগিজ তারকা গতকাল শুক্রবার উপস্থিত ছিলেন দলের অনুশীলন ক্যাম্পে। দলের সাথে স্বাভাবিক সকল প্রকার অনুশীলনেও ছিলেন তিনি দারুণ উজ্জ্বল।