ইশান্ত শর্মার ইনজুরি

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:১৭
ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে খেলতে পারছেন না ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন পায়ের গোড়ালির আঘাত থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠার কারণে এ ম্যাচে খেলতে পারছেন না ইশান্ত। নিজের ক্যারিয়ার সেরা ৭৪ রানে ৭ উইকেট শিকার করে ইশান্ত লর্ডসের দ্বিতীয় টেস্টে ভারতকে ৯৫ রানের জয় এনে দেন। কিন্তু বাম পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ায় ২৬৬ রানে পরাজিত হওয়া তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। তৃতীয় টেস্টে তার পরিবর্তে রাজস্থান পেসার পঙ্কজ সিংয়ের অভিষেক ঘটে ভারতীয় দলে। চতুর্থ টেস্টে ইশান্ত খেলবেন কিনা জানতে চাইলে ধোনি বলেন, ‘চতুর্থ টেস্টের আগে ইশান্ত ফিট হয়ে উঠতে পারবে না এটা নিশ্চিত। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে এখন পর্যন্ত এটা নিশ্চিত যে আগামী টেস্টে আমরা তাকে পাচ্ছি না।’