এবার শক্তি বিশ্লেষণের পালা

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:১৭
অবশেষে একটু একটু করে নগরে লম্বা ছুটির প্রভাব কাটতে শুরু করেছে। চঞ্চল হয়ে উঠতে শুরু করেছে ঢাকা। আজ থেকে চঞ্চল হয়ে উঠবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামও। ছুটি কাটিয়ে আজ থেকে অনুশীলন ক্যাম্পে ফিরবে ওয়েস্ট ইন্ডিজগামী বাংলাদেশ দল। আজ এই পর্বের অনুশীলনের প্রথম দিনে ঠিক অনুশীলন বলতে যা বোঝায়, তা হবে না। মূলত ঈদ পরবর্তী পুনর্মিলনী, জাতীয় দল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা ও জিমে শরীর চর্চার ভেতর দিয়েই শেষ হবে আজকের ফিরে আসা। আগামীকাল থেকে শুরু হবে মূল অনুশীলন। ছুটির আগেই কোচ বলেছিলেন, এই পর্বের অনুশীলনে খেলোয়াড়দের প্রত্যেকের পারফরম্যান্স বিশ্লেষণ ও মাঠে তার প্রয়োগ নিয়ে কাজ করবেন। নতুন কোচ চান্দিকা হাতুরুসিংহের কঠোর অনুশীলনের একটা পর্ব ঈদের আগেই শেষ হয়েছে। মূলত নিজের পারফরম্যান্স ফিরে দেখা ও বেসিক টেকনিক নিয়ে কাজ করেছেন প্রথম পর্বে কোচ। এবার সেই পারফরম্যান্স বিশ্লেষণ করে বিশ্লেষণ অনুযায়ী খেলোয়াড়দের করণীয়, তথা মাঠে নিজেদের প্রয়োগ নিয়ে কাজ করা হবে পরবর্তী ধাপে। এই ধাপে যোগ দিতে বিশেষজ্ঞ বোলিং কোচ হিথ স্ট্রিক ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন বলে জানিয়েছে বিসিবি। এ ছাড়া জাতীয় দল ম্যানেজমেন্ট জানিয়েছে যে, এই মাসের মধ্যেই বাকি বিশেষজ্ঞ কোচরাও যোগ দেবেন দলের সঙ্গে। এই পর্বের অনুশীলন সম্পর্কে ছুটির আগে কোচ বলেছিলেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরে স্কিল উন্নয়নের কাজ করছি। একেবারে বেসিক স্কিলেই মনোসংযোগ করা হয়েছে—কিভাবে আরও উন্নতি করা যায়, ব্যাপারগুলো আরও ভালোভাবে বোঝা। ব্যাটসম্যানরা বিশেষ করে নিজেদের খেলাটা কেমন, কি করে তারা এসব যাতে বুঝতে পারে, তা নিয়ে কাজ করা হয়েছে। এ জন্য তারা নিজেদের ভিডিও দেখেছে। কোথায় উন্নতি করতে হবে, সেটা ঠিক করেছে। বোলারদের ব্যক্তিগত স্কিল, স্টক বল, বৈচিত্র্য এসব নিয়ে কাজ করা হয়েছে। আমরা এখনও ঠিক বিশ্লেষণটা শুরু করিনি। ঈদের পর আশা করছি সেটা করা হবে।’ এই দ্বিতীয় পর্বের অনুশীলনে বিশেষায়িত কোচদের ভূমিকাটা হবে গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেক বিভাগের কোচরা সংশ্লিষ্ট খেলোয়াড়দের দুর্বলতা ও সেটা কাটিয়ে ওঠার উপায় এবং মাঠে করণীয় নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। আর এই কাজের ধরন, বাড়তি পরিশ্রম, শৃঙ্খলা নিয়েই আজ আলোচনা হবে বলে জানা গেল। দলের সব খেলোয়াড়ের সঙ্গেই আজ উপস্থিত কোচরা আলোচনা করবেন। সেই সঙ্গে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে একটা সামগ্রিক গাইডলাইন নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে।