এশিয়ান গেমস ফুটবল

বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প শুরু কাল

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:১৮
এশিয়ান গেমসের জন্য ডাকা অনূর্ধ্ব ২৩ বয়সী ফুটবলারদের প্রাথমিক দলের আবাসিক প্রশিক্ষণ শুরু হবে আগামীকাল রবিবার থেকে । সাভারের বিকেএসপিতে মাসাধিককালের এ প্রশিক্ষণ শেষে চূড়ান্ত দল বেছে নেয়া হবে। ২৫ জনের প্রাথমিক দলটিকে সাভার রওয়ানা হওয়ার আগে কাল দুপুর ১২টায় বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসে নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব ২৩ দল অংশ নেবে। তবে এতে তিনজন সিনিয়র খেলোয়াড়কে খেলানো যাবে। বিকেএসপির আবাসিক ক্যাম্পটি জাতীয় দলের প্রধান কোচ লুডভিক ডি ক্রুইফ ও সহকারী কোচ রেনো কোস্টারের অধীনে শুরু হওয়ার কথা। প্রধান কোচ ডি ক্রুইফ এখনও ঢাকায় ফেরেননি। তবে রেনে কস্টার ঢাকায় আছে বলে জানিয়েছেন এশিয়ান গেমসগামী দলটির ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি এও জানান যে ক্রুইফ দুই একদিনের মধ্যে এসে ফুটবল দলের সঙ্গে যোগ দিবেন। দলটির ম্যানেজার জানান বিকেএসপিতে ১০/১২দিন অনুশীলনের পর একটা প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করা হবে। এশিয়ান গেমসের জন্য ডাক পাওয়া প্রাথমিক দলটিতে আছেন জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া ও আতিকুর রহমান মিশু। বাংলাদেশ প্রাথমিক দল গোলকিপার শহিদুল আলম সোহেল, আতিকুর রহমান মিশু, শাহেদুল আলম শাহেদ, টুটুল হোসেন বাদশা (আবাহনী), জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, ইউসুফ সিফাত, তপু বর্মন, ওয়াহেদ আহমেদ, নাহিদুল ইসলাম নাহিদ, ইমন বাবু (মোহামেডান), সোহেল রানা, তকলিস আহমেদ, মামুনুল ইসলাম মামুন, রায়হান হাসান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, কেষ্ট কুমার বোস, ইয়াসিন খান শেখ জামাল), মিঠুন চৌধুরী (শেখ রাসেল ক্রীড়া চক্র), ওমর ফারুক বাবু (বিজেএমসি), জুয়েল রানা, রুবেল মিয়া (ব্রাদার্স ইউনিয়ন), গোলকিপার রাসেল মাহমুদ লিটন (মুক্তিযোদ্ধা), ওসমান গনি (উত্তর বারিধারা ক্লাব), জামাল ভুঁইয়া (ডেনমার্ক প্রবাসী)।