বিদেশী লিগে জেরার্ডও ?

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:১৮
সাবেক ইংল্যান্ড সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পদাঙ্ক অনুসরণ করে বিদেশী লিগে খেলার জন্য পাড়ি জমাতে পারেন লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডও। জেরার্ড নিজেই এ ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে ৩৪ বছর বয়সী লিভারপুল মিডফিল্ডারটি তার ক্যারিয়ারের পুরো সময়ই কাটিয়েছেন অ্যানফিল্ডে। এমনকি নিকট ভবিষ্যতেও তিনি ক্লাবের সাথে নতুন চুক্তি করবেন বলেই ধারণা করা হয়ে থাকে। কিন্তু এর মধ্যেই তিনি জানালেন, বাইরে যাওয়ার বিষয়টিও তাকে তাতাতে পারে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এর দল নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবে যোগ দিতে চেলসির বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টেনেছেন ল্যাম্পার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য কিংবদন্তিদের মধ্যে ডেভিড বেকহ্যাম ও থিয়েরি অরি তাদের ক্যারিয়ারের একটা সময় আমেরিকার ফুটবলে কাটিয়েছেন। জেরার্ড অবশ্য আপাতত ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ব্যাপারেই বেশি ভাবছেন। কেননা ক্লাব পর্যায়ে এ শিরোপাটি তার জেতা হয়নি। ব্রাজিল বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া জেরার্ড ১৯৯৮ সাল থেকেই লিভারপুলের হয়ে খেলে আসছেন। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত দলটির হয়ে ৪৭৫ ম্যাচে ১১১ গোল করেছেন তিনি। লিভারপুলের সঙ্গে এখনো এক বছরের চুক্তি রয়েছে তার। লিভারপুলের মৌসুম পূর্ব অনুশীলনে যুক্তরাষ্ট্রে থাকাকালীন বিদেশে খেলার আভাস দেন তিনি। জেরার্ড সাংবাদিকদের বলেন, ‘কোন একদিন এটা আমার বেলায় ঘটতে পারে, আমি জানি না। সত্যিকারার্থে এ নিয়ে আমি এখনো কারো সঙ্গে কথা বলিনি কিংবা চিন্তা করিনি। হতে পারে একদিন আমি লিভারপুল ছেড়ে সংক্ষিপ্ত সময়ের জন্য এবং ভিন্ন কিছু করতে চেষ্টা করতে পারি।’’ বাসস