জাতীয় হকি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে ৫ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় হকি ‘এ’ দল। ঢাকায় দলটি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
বাংলাদেশ হকি ফেডারেশন সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসে অংশ নেয়ার জন্য আগেই ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। এখন হকি খেলোয়াড়দের প্রস্তুতি জোরদার করতে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে তিনটি আনঅফিসিয়াল ম্যাচের আয়োজন করেছে ফেডারেশন। বাংলাদেশের আমন্ত্রণে ৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় ঢাকায় আসবে ভারতীয় হকি ‘এ’ দল। ফেডারেশন সুত্রে জানা যায় ৬, ৮ ও ৯ আগস্ট বাংলাদেশ জাতীয় হকি দল ও ভারতীয় হকি ‘এ’ দলের সঙ্গে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম খেলার অনুপযোগী থাকায় প্রস্তুতি ম্যাচ তিনিটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফেডারেশনের একজন কর্মকর্তা। ১০ আগস্ট ঢাকা ত্যাগ করবে ভারতীয় হকি ‘এ’ দল।
