মির্জাপুরে পুলিশ পরিচয়ে কলেজ ছাত্র অপহরণ

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৫
মামার বাড়ি বেড়ানোর আসার পথে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ফয়সাল জোবায়ের নামের এক কলেজ ছাত্র অপহূত হয়েছে। পুলিশ পরিচয় দিয়ে একদল অপহরণকারী পিতা-মাতার চোখের সামনে ফয়সালকে অপহরণ করে নিয়ে গেছে বলে তার পরিবার দাবি করেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন দেওহাটা নামক স্থানে গত বুধবার সন্ধ্যায় এ অপহরণের ঘটনাটি ঘটেছে। অপহূত ফয়সাল যোবায়েরের পিতার নাম মোঃ হেলাল উদ্দিন। ফয়সাল কালিয়াকৈর উপজেলার চন্দ ঘর শিমূলতলী গ্রামে। পুলিশ সূত্র জানায়, ঈদের পরের দিন গত বুধবার সন্ধ্যায় ফয়সাল নিজ বাড়ি থেকে তার পিতা হেলাল উদ্দিন ও মা সেলিনা বেগমকে সাথে নিয়ে একটি প্রাইভেটকারে মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামে মামার বাড়ি আসছিল।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আসলে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস এসে তাদের গাড়িটির গতিরোধ করে পুলিশ পরিচয় দিয়ে ফয়সালকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের এক ঘন্টা পর তার বাবা-মায়ের মোবাইলে ফোন আসে ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য। এ ব্যাপারে ফয়সালের মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার দুই দিন পরও পুলিশ অপহূত ফয়সালকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, অপহূত ফয়সালকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে।