চাল বিক্রির টাকায় ব্যতিক্রমী ঈদ উত্সব

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৬
এবার জয়পুরহাটের পাঁচবিবিতে অভিনব পন্থায় ঈদের উত্সব পালন হলো। অধিকাংশ পরিবারগুলো এবার সমিতির মাধ্যমে সারা বছর চাল জমা করে ঈদের ১দিন আগে চাল বিক্রির টাকায় গরু কিনে মাংস উত্সব করেছে। জানা গেছে, উপজেলার গ্রামাঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত লোকজন ঈদুল ফিতরের দিন তৃপ্তি সহকারে মাংস খাওয়ার জন্য একটি অভিনব কৌশল চালু করে। ২৫/৩০টি পরিবার মিলে গ্রামে গ্রামে সমিতি গঠন করে। সমিতির মাধ্যমে প্রতি পরিবার চাল উত্তোলন করে এক বাড়িতে জমা রাখে। বছর শেষে প্রতিটি সমিতিতে ৫০/৬০ হাজার টাকার চাল জমা হয়। এই চাল বিক্রি করে তারা বড় বড় গরু ক্রয় করে এবং ঈদের আগের দিন জবাই করে মাংস ভাগ করে নেয়। এতে সমিতির প্রতিটি সদস্য ন্যূনতম ৬/৭ কেজি মাংস ভাগে পায়। অনেক পরিবার সমিতিতে ২/৩টি শেয়ার নেয়ায় তাদের মাংসের পরিমাণও বেশি হয়। ফলে সমিতির সকল সদস্যই এবার ভালভাবে ঈদের আনন্দ করতে পেরেছে বলে জানা যায়।