মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় বিরতিহীন নাটক ‘স্বৈরাচার’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, আরফান নিশো, শম্পা রেজা, আফজাল কবির প্রমুখ। গল্পে দেখা যাবে, ঋত্বিক দাবি করে সে একজন সিস্টেমবিরোধী ফিল্মমেকার। ‘মার্ক্স এবং কোকাকোলার সন্তানেরা’ নামে সে একটা ফিল্ম বানাতে চায় ঢালিউডের ব্যস্ততম নায়িকা সোফিয়াকে নিয়ে। স্টারসুলভ অবহেলায় এক নিউকামার ফিল্ম মেকার ও তার ভিন্নধারার স্ক্রিপ্টকে খারিজ করে দেয় সোফিয়া। ক্ষ্যাপা ঋত্বিক তাকে কিডন্যাপ করে। ঋত্বিক চায় ঢাকাই চলচ্চিত্রের প্রথাগত সোফিয়া নিজেকে ভেঙে হয়ে উঠুক সোফিয়া লরেন, অড্রে হেপবার্ন। বিচিত্র চরিত্র নিজের মধ্যে ধারণের মাধ্যমেই তথাকথিত স্টার হয়ে উঠতে পারে প্রকৃত অভিনেত্রী। স্বৈরাচারী ঋত্বিক মেকআপ-গেটআপ-ফটোসেশনে সোফিয়াকে বিভিন্ন লুকস্ দেয়। নানাবিধ চলচ্চিত্র দেখতে বাধ্য করে। চলচ্চিত্রের প্রতি তার প্যাশন সোফিয়াকে যেমন ধীরে ধীরে ঋত্বিকের দিকে টানে তেমনি ক্যারিয়ার ও পরিবারের চিন্তা তাকে সতর্ক করে। পুলিশের তত্পরতায় এক পর্যায়ে আস্তানা ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয় ঋত্বিক।
