লিবিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তিউনিশিয়া

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৫
লিবিয়ার সঙ্গে প্রধান সীমান্ত সংযোগটি বন্ধ করে দিয়েছে তিউনিশিয়া। লিবিয়ায় চলমান সহিংসতায় দেশটি থেকে পলায়নরত হাজার হাজার মিসরীয় ও অন্যান্য বিদেশি নাগরিকদের সীমান্ত পারাপারের চেষ্টার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিউনিশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে। তিউনিশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, শুক্রবার কয়েক হাজার মিসরীয়কে ভিসা ছাড়া তিউনিশিয়ায় ঢুকতে বাধা দেয়ার পর তারা বিক্ষোভ করলে এবং রাস আজদির সীমান্ত সংযোগের বেষ্টনীর একটি অংশ ভেঙ্গে ফেললে সেখানে উত্তেজনার সূত্রপাত হয়। মধ্য জুলাই থেকে লিবিয়ায় সহিংসতা বৃদ্ধির পর সেখানে অবস্থানরত আনুমানিক ৫০ হাজার থেকে ৬০ হাজার নাগরিককে ‘যত দ্রুত সম্ভব’ লিবিয়া ত্যাগের নির্দেশ দিয়েছিল তিউনিশিয়া। এরই মধ্যে শুক্রবার সীমান্ত এই অস্থিরতার সৃষ্টি হলো। বিদেশি নাগরিকসহ হাজার হাজার লিবীয়র প্রতিবেশী দেশ তিউনিশিয়ায় প্রবেশের চেষ্টা শুরুর করার পর সীমান্তে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা।