৯/১১ এর পর বন্দীদের নির্যাতনের কথা স্বীকার করলেন ওবামা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৬
৯/১১ এর পর বন্দিদের ওপর যুক্তরাষ্ট্রের নির্যাতনের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পাশাপাশি সিআইএ’র পরিচালক জন ব্রেনানের সমর্থনে কথা বলেছেন তিনি। সিআইএ’র জিজ্ঞাসাবাদ কার্যক্রম নিয়ে সিনেট একটি প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেয়ায় গত শুক্রবার ওবামা এসব কথা বলেন। ওবামা বলেন, ‘আমরা কিছু লোককে নির্যাতন করেছি। আমরা এমন কিছু করেছি যা আমাদের মূল্যবোধের পরিপন্থী।’ তিনি আরো বলেন, ৯/১১ এর পরপর আরেকটি হামলা ঠেকাতে ‘প্রচণ্ড চাপের’ কারণে কর্মকর্তারা সেই সময়টিতে নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করেছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কমিটির অনুসন্ধানের সময়ে সিনেটের কম্পিউটারগুলোতে সিআইএ’কে তল্লাশির অনুমোদন দেয়া সত্ত্বেও ব্রেনানের প্রতি তার ‘সম্পূর্ণ আস্থা’ আছে। উল্লেখ্য, এর আগে ওবামা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বাইরে গোপন ‘কালো স্থানগুলোতে’ আল-কায়েদা বন্দিদের ওপর সিআইএ’র ব্যবহূত পদ্ধতি নির্যাতনের সমার্থক। ২০০৯ সালের এপ্রিলে তিনি বলেন, ‘যে ধরনের আইনী ব্যাখ্যা ব্যবহার করা হোক না কেন, তিনি বিশ্বাস করেন, ‘ওয়াটারবোর্ডিং’ একটি নির্যাতন। এটা একটা ভুল।’ এদিকে, খুব শীঘ্রই সিনেটের প্রতিবেদনটি প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। তবে এরই মধ্যে সিনেটের কম্পিউটারগুলোতে অযথাযথভাবে তল্লাশির জন্য বৃহস্পতিবার সিনেটের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সিআইএ’র পরিচালক ব্রেনান।