ওয়েঙ্গারের নজর সামনের দিকে

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৯
শিরোপাহীন বছরগুলোতে আর্সেনালকে প্রতিযোগী হিসেবে টিকিয়ে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করেন কোচ আর্সেন ওয়েঙ্গার। গত মৌসুমে এফএ কাপ জেতে আর্সেনাল। এর মধ্যদিয়ে গত নয় বছরে বড় কোনো শিরোপা ঘরে তুলে গানাররা। ক্লাবটির এই ট্রফি খরা কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছিল। ৬৪ বছর বয়সী ফ্রেঞ্চ কোচ ওয়েঙ্গার কী এই ক্লাবটিকে সামনে এগিয়ে নেয়ার জন্য সঠিক লোক? ছিল এই প্রশ্নটিও। ওয়েঙ্গার ১৯৯৬ সালে আর্সেনালের দায়িত্ব নেন। শুরুতে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন তিনি। দীর্ঘ ১০ বছর ধরে শিরোপা প্রত্যাশী অন্যান্য ক্লাবগুলোর সঙ্গে যখন অর্থনৈতিকভাবে পেরে ওঠছিল না, তখন ওয়েঙ্গারের তত্ত্বাবধানেই এমিরেটাস স্টেডিয়ামে আসে আর্সেনাল। হাইবারি স্টেডিয়াম ছাড়ার পর এখনো ওয়েঙ্গারের তত্ত্বাবধানেই আছে গানাররা। এই সময়ে তার তত্ত্বাবধানে প্রতিটি মৌসুমই শীর্ষ চারে থেকে শেষ করেছে তারা। অবশেষে মে মাসে হাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় আর্সেনাল। ঋণের পরিমাণ কমে যাওয়ায়, আর্সেনাল এখন নিজেদের পুনরায় গঠনের কাজে হাত দিচ্ছে। গত বছর ক্লাব রেকর্ড ভেঙ্গে মেসুত ওজিলের সঙ্গে চুক্তি করে তারা। এবারের মৌসুমে চিলি ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেসের সঙ্গেও চুক্তি করেছে গানাররা। বিগত বছরগুলোতে দু’হাতে টাকা খরচ করা দল চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের সঙ্গে ফাইট দেয়া বছরগুলো সামনের দিনগুলোতে সম্মানের সঙ্গেই স্মরণ করবেন বলে জানালেন ওয়েঙ্গার, ‘আমি যখন আমার চুক্তিনামায় স্বাক্ষর করেছিলাম, কী হতে ঘটতে পারে তা জেনেই আমি তখন এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। ব্যক্তিগতভাবে আমি মনে করি এখানে ওই সময়টা ছিল আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়। কম পরিমাণ সম্পদ নিয়ে ক্লাবটিকে একটা পর্যায়ে রাখাটা আমার জন্য রোমাঞ্চকর বিষয় ছিল। এ ক্ষেত্রে ভাল করেছি না খারাপ করেছি সেটা পরের প্রশ্ন। একটা বিষয়ই বলতে পারি, আমরা ধারাবাহিক ছিলাম। যদিও ট্রফি জয়ের জন্য পর্যাপ্ত দক্ষতা আমাদের ছিল না।’ আর্সেনালে নিজের অবদানের ব্যাপারে কোচ বলেন, ‘আমি আমার সামর্থ্যের সবকিছুই দিয়ে দিয়েছি। এটাই কী যথেষ্ট? এটা যেমন তোমরা কখনোই বলতে পারবে না, ঠিক তেমনি অন্য কেউ কী এর চেয়ে ভাল করতে পারতো? এটাও বলতে পারবে না।’ দীর্ঘসূত্রিতার পর ওয়েঙ্গারের সঙ্গে আরও তিন বছরের চুক্তি করেছে আর্সেনাল। এর মেয়াদ শেষ হবে ২০১৭ সালে। শিরোপাহীনতায় ভবিষ্যত্ হুমকির মধ্যে পড়েছিল কি-না এমন এক প্রশ্নের জবাবে ওয়েঙ্গার বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। এটা কী আসলে ঘটতে যাচ্ছিল? এ ব্যাপারে আমি সবসময় বলেছি, আমি এই ক্লাবের জন্য সবসময় ভাল করেছি। আমার প্রেরণা কখনোই হুমকির মধ্যে ছিল না।’ ওয়েঙ্গার আরও বলেন, ‘যা হয়েছে তার জন্য আমি কখনোই পেছনে ফিরে তাকাই না। আমার দৃষ্টি সবসময় সামনের দিকে। যথাযথভাবে আমি আমার দায়িত্ব পালন করছি। আমি সবসময় সামনে এগিয়ে যেতে চাই। আমরা লিগ কাপ জিতেছি। কিন্তু আমরা আরো ট্রফি জিততে চাই। আমরা ঘুরে দাঁড়াতে চাই। আরো শিরোপার জন্য লড়াই করতে চাই। -ফিফা ডটকম