কোচ দেল বস্ক বিশ্বকাপ ব্যর্থতা থেকে বেরিয়ে এসে উজ্জ্বল ভবিষ্যত্ গড়ার দিকে নজর দিতে স্পেনের প্রতি আহবান জানিয়েছেন।
নেদারল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হবার পর চিলির কাছে ২-০ ব্যবধানে হেরে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তখনকার শিরোপাধারী ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এরপরও স্প্যানিশ ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ দেল বস্ককেই জাতীয় দলের দায়িত্বে বহাল রাখে। তার হাত ধরেই ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছিল স্পেন। তাই বিশ্বকাপ ব্যর্থতা ঝেড়ে ফেলে তিনি এখন দুই বছর পর ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের জন্য দল পুনর্গঠনের চেষ্টা করছেন।
স্পেন কোচ বস্ক স্থানীয় ওন্ডা চেরো পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপ আমাদের ব্যথিত করেছে। তবে অবশ্যই আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে এবং সুন্দর ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। আমার চুক্তি নবায়নের বিষয়ে ফেডারেশনকে নিয়ে কখনোই কোন সংশয় ছিল না। ছয় বছরে আমরা যা সুনাম অর্জন করেছিলাম তা হারিয়ে ফেলেছি। ভক্তদের প্রতিক্রিয়া আমি বুঝতে পারছি। আপনি যখন হারবেন তখন স্বাভাবিকভাবেই তারা দল ও কোচের বিরুদ্ধে যাবে।’
অতীতে বিভিন্ন টুর্নামেন্টে জাভি এবং ইকার ক্যাসিয়াসদের মত অভিজ্ঞদের বাদ দিয়ে বিশ্বকাপ দলে দেল বস্কের কিছু নতুন খেলোয়াড় ডাকা উচিত ছিল বলে অনেকেই মত দিয়েছিলেন। কিন্তু দেল বস্ক জানিয়েছেন তিনি কোন পরিবর্তন আনবেন না, তাদেরকে সুযোগ দেয়া হবে।
তিনি বলেন, ‘আমার হাতে থাকা ২৩ সদস্যের দলে আমি কোন পরিবর্তন আনব না। হতে পারি আমরা ব্যর্থ হয়েছি। তবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। তারা অসাধারণ খেলোয়াড়, নায়ক, যারা আমাদের অনেক কিছু দিয়েছে।’ বাসস
