এন্ডারসনের সামনে বোথামের রেকর্ড ভাঙ্গার হাতছানি

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:০১
আইসিসির খেলোয়াড় আচরণবিধিতে দোষী প্রমাণিত না হওয়ার পর ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আরো কঠিনভাবে আবির্ভূত হওয়ার আশা করছেন ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন। পাশাপাশি টেস্ট ক্রিকেটে ইংলিশ বোলারদের সর্বোচ্চ উইকেট শিকারি ইয়ান বোথামের রেকর্ড ভাঙ্গার আশা করছেন তিনি। ভারতীয় দল কর্তৃক আইসিসি খেলোয়াড় আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনার পর পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই টেস্টে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে ছিলেন এন্ডারসন। কিন্তু আইসিসি’র শৃংখলা কমিটি শুক্রবার তাকে নির্দোষ ঘোষণা করেছে। ফলে পুরো সিরিজই খেলতে পারছেন তিনি। সিরিজে এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি এন্ডারসনের নৈপুণ্যে উজ্জীবিত ইংল্যান্ড। মৌসুম শেষে ৩২ বছর বয়সী এন্ডারসন এখন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন। কিংবদন্তী বোথামের মোট উইকেট ৩৮৩। আর ১২ উইকেট পেলেই তাতে ভাগ বসাবেন ৩৭১ উইকেটের মালিক এন্ডারসন।