নির্মল সেনের জন্মদিন আজ

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:২৬
বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৪তম জন্মদিন আজ রবিবার। নির্মল সেনের ভাতিজা রতন সেন কংকনের উদ্ধৃতি দিয়ে আমাদের কোটালীপাড়া (গোপালগঞ্জের) সংবাদদাতা জানান, এ বছর ‘কমরেড নির্মল সেন জন্মদিন উদ্যাপন পরিষদ’ কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রয়াত এ সাংবাদিকের জন্মদিন পালন করবে। নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত। মাতার নাম লাবণ্য প্রভা সেন গুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। ১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে দিয়ে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন। তার পর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।