ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:২৬
উত্তরখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। একই দিনে যাত্রাবাড়ীতে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উত্তরখানে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুল কাদের (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উত্তরখান থানা সূত্র জানায়, সকালে খাবার খাওয়ার সময় ছোট ভাই নাজিরের সঙ্গে বড় ভাই আব্দুল কাদেরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজির ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর জখম হন। আবদুল কাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাজিরকে আটক করেছে পুলিশ। এদিকে যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, শনিবার পারিবারিক কলহের জের ধরে আনিসুর রহমান তার স্ত্রী পান্না বেগমের মাথায় আঘাত করেন। এসময় পান্না গুরুতর আহত হলে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় আনিসুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন পান্না বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।