আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন -সুরঞ্জিত

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:২৭
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারকে আরেকটি নির্বাচনের মাধ্যমে সরানো যায়। মাঝখানে আর কোনো পথ নেই। আন্দোলনের মাধ্যমে কোনো সাংবিধানিক সরকারকে উত্খাত করা যাবে না। শনিবার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচিত সরকারকে উত্খাতের আন্দোলন কখনই গণতান্ত্রিক হতে পারে না। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।