গাজায় ইসরাইলি হামলা বন্ধে ভূমিকা রাখতে সরকার ব্যর্থ

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:২৭
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের উপর হামলার বিষয়ে সরকারের উচিত ছিল দেশের সব পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো। সরকার এ ব্যাপারে উদ্যোগ নিলে দেশের জনগণ অংশ নিত। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। রফিকুল ইসলাম মিয়া বলেন, গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বরতার বিরুদ্ধে সরকার কোনো জোরালো ভূমিকা রাখতে পারেনি। গাজা হামলার বিষয়ে তারা নিশ্চুপ। তিনি ওআইসি, জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ ও বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে গাজায় অন্যায় হামলা বন্ধের কার্যকর ভূমিকা রাখতে উদ্যোগ গ্রহণ করুন। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ।