দেওয়ানগঞ্জে জমে উঠেছে পৌরসভার উপ-নির্বাচন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৪
আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত হবে আজ। উপ-নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিরাজ করছে টেনশন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিভিন্ন রঙের পোস্টার, ফেসটুন, ব্যানার টানিয়ে পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। একাধিক প্রার্থী হওয়ায় দলের নেতা-কর্মীরা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- শফিউল হক মান্না, এডভোকেট নুরুল ইসলাম নয়ন, মহিবুল ইসলাম যুবরাজ, আসলাম হোসেন, যুবলীগ নেতা হারুন অর রশিদ, অধ্যাপক শাহজাহান আকন্দ, শাহ নেওয়াজ শাহানশাহ ও নুরন্নবী অপু। উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, সম্ভাব্য ৮ প্রার্থীর নামের তালিকা জেলায় পাঠানো হয়েছে। রবিবার সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এম.পি এবং দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, পৌরসভার মেয়র উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। আগামী ২৪ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হবে।