তীব্র জনবল সংকট সামাল দিতে এবং উত্পাদন সচল রাখতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। ৬ মাস মেয়াদে এসব শ্রমিককে দৈনিক ১৫০ টাকা মজুরি হিসেবে মাসিক ৪ হাজার ৫শ’ টাকা পারিশ্রমিক দেয়া হবে। মামলার জটে রেলওয়ের স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া আটকে যাওয়ায় গোটা রেলওয়ে এখন জনবল সংকটের মুখে পড়েছে। এ অবস্থায় রেলওয়ে কারখানা সচল রাখতে অস্থায়ী শ্রমিক নিয়োগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সূত্র মতে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৩৭০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত খালাসির সংখ্যা মাত্র ২৬ জন। ফলে শ্রমিক সংকটে পড়েছে রেলওয়ে কারখানা। সংকট কাটাতে রেলওয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিক নিয়োগের বিষয়টি অনুমোদন দেয়। টিএলআর-এর আওতায় ১শ’ জন শ্রমিক নিয়োগ দিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক দপ্তরে প্রস্তাবনা পাঠায় কারখানা কর্তৃপক্ষ। এ প্রস্তাবনার তালিকা থেকে প্রথম পর্যায়ে ৮০ জন শ্রমিক নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া এসব শ্রমিক রেলওয়ে কারখানার ১১টি শপে যোগ দিয়েছে। এর মধ্যে ৫ জন নারী শ্রমিকও রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন জানান, জনবল সংকট কাটাতে বিধিমালা মেনে শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগে লোকবল বাড়ায় কিছুটা হলেও কারখানার উত্পাদনে গতি সঞ্চার হবে বলে তিনি উল্লেখ করেন।
