মাহেলার বিদায়ে বিষাদ ডাকতে চায় পাকিস্তান

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:২০
পাক-লঙ্কা সময়সূচী টেস্ট সিরিজ ১ম টেস্ট: গল (৬-১০ আগস্ট) ২য় টেস্ট: কলম্বো (১৪-১৮ আগস্ট) ওয়ানডে সিরিজ ১ম ওয়ানডে: হাম্বানটোটা (২৩ আগস্ট) ২য় ওয়ানডে: কলম্বো (২৭ আগস্ট) ৩য় ওয়ানডে: ডাম্বুলা (৩০ আগস্ট) অধিনায়ক মিসবাহ-উল-হকের নেতৃত্বে দু্ই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত শনিবার শ্রীলঙ্কায় পৌঁছেই পাকিস্তান দল জানান দেয় জয়ের জন্য সম্ভাব্য সবকিছু করবে তারা। কলম্বোয় পৌঁছেই দলটি দক্ষিণাঞ্চলীয় শহর গলে যায়। উপকূলীয় এই শহরেই আগামী বুধবার সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের এটাই হলো ক্যারিয়ারে শেষ টেস্ট সিরিজ। সিরিজ জিততে অভিজ্ঞ এই লঙ্কান ব্যাটসম্যানের বিদায় অনুষ্ঠানটা পণ্ড করে দিতে চায় পাকিস্তান দল। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন মত দেন অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেন, ‘আমরা যদি শ্রীলঙ্কায় সিরিজ জিততে চাই, তাহলে তাদের সেরা ব্যাটসম্যানদের নিশ্চিত আটকে দিতে হবে। বিশেষ করে জয়াবর্ধনেকে খুব বেশি রান করার সুযোগ দেয়া যাবে না।’ মাহেলা জয়াবর্ধনের ব্যাপারে পাকিস্তান অধিনায়ক আরো বলেন, ‘সে যা অর্জন করেছে তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। কিন্তু দু’টি সিরিজ জয়ের জন্য আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি। তাদের সিনিয়র ব্যাটসম্যানদের রান করতে না দেয়াটা যে কত গুরুত্বপূর্ণ ব্যাপার তা আমরা জানি।’ বর্তমানে ৩৭ বছর বয়সী জয়াবর্ধনে ১৪৭ টেস্টে ৫০ গড়ে এখন পর্যন্ত ১১,৬৭১ রান করেছেন। অপরদিকে ৪২০টি ওয়ানডেতে রান করেছেন ১১,৬৮১টি। স্বাগতিকদের বিপক্ষে সিরিজটি কঠিন হবে বলে ভবিষ্যদ্বাণী করেন। বিশেষ করে নিজ মাঠে লঙ্কানদের রেকর্ড ভাল বলে। তাই মিসবাহ বলেন, এই সিরিজে পাকিস্তানের স্পিনারদের পাশাপাশি পেসারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দু’দেশের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে দুটি হবে যথাক্রমে কলম্বো এবং ডাম্বুলায়। এর মধ্যে কলম্বোর ওয়ানডে ম্যাচটিই হবে দিবা-রাত্রির। দ্বীপ রাষ্ট্রটিতে ১৯৮৬ সালে প্রথম সফরে যায় পাকিস্তান। এরপর থেকে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের সাথে এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে পাকিস্তান ছয় টেস্টে জয় পেয়েছে, হারতে হয়েছে চারটি এবং ড্র করেছে আটটি। নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার চারটি টেস্ট জয় এসেছে গত পাঁচ বছরে। সব মিলিয়ে দল দু’টি এ পর্যন্ত ৪৬টি টেস্ট খেলেছে। এর মধ্যে সাফল্যে ১৭-১১ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। ড্র হয়েছে ১৮টি টেস্ট। ওয়ানডে ক্রিকেটেও দল দু’টির মধ্যে পাকিস্তানের সাফল্যের পাল্লা ভারি। দু’দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত ১৮৯টি ওয়ানডের মধ্যে ৮০টিতে জিতেছে পাকিস্তান, শ্রীলঙ্কা জয় পেয়েছে ৫৪টিতে। তবে শ্রীলঙ্কার মাটিতে দু’দলের ৩৩টি ওয়ানডের মধ্যে ১৬-১৪ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরাই।