ইউনাইটেডের সঙ্গী লিভারপুল

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:২১
যুক্তরাষ্ট্রের মাটিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শনিবারের দিনটি ইংলিশ ক্লাবগুলোর জন্য হাজির হয়েছিল সৌভাগ্য নিয়েই। একই দিনে জয় পেয়েছে দুটি ক্লাব — ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। রিয়ালকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকেট পেয়ে গেছে অল রেডরাও। আজকের ফাইনালে এই দুটি ক্লাবই আজ মুখোমুখি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রস্তুতিমূলক টুর্নামেন্টটি একদমই ভালো কাটেনি এসি মিলানের। গত শনিবার রাতে শার্লটে লিভারপুলের কাছে হেরে যাওয়ায় এই টুর্নামেন্ট থেকে কোনো পয়েন্ট না পেয়েই বিদায় নিতে হলো ইতালির ক্লাবটির। ম্যাচের ১৭তম মিনিটে জো অ্যালেনের গোলে এগিয়ে যায় লিভারপুল। গোলটি একটু নাটকীয়ই ছিল। মাইকেল এসিয়েনকে কাটিয়ে অ্যালেনের নেয়া শটটি পোস্টে লেগে ফিরে আসে। রাহিম স্টার্লিংয়ের নেয়া ফিরতি শট কোনোমতে ঠেকিয়ে দেন মিলান গোলরক্ষক ক্রিস্টিয়ান আব্বিয়াতি। বল পেয়ে এবার ঠিকই মিলানের জালে বল পাঠান অ্যালেন। ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় লিভারপুল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি রিকি ল্যাম্বার্ট। ৯০তম মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড কোটিনহোর পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন স্পেনের মিডফিল্ডার সুসো। ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে লিভারপুল। সোমবার শিরোপা লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। এদিকে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রায় এক লাখ দশ হাজার দর্শকের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।