সেই জাভিই বাঁচালেন বার্সাকে

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:২৩
বয়স একটু বেশি, আগের সেই ফর্ম নেই, হারিয়ে গেছে সেই পায়ের কারুকাজ — এতো দুর্নাম নিয়ে বার্সেলোনা অধ্যায় প্রায় শেষই করে ফেলেছিলেন জাভি। শোনা যাচ্ছিল এবারের মৌসুমের শুরুতেই বার্সা ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন বার্সার মাঝমাঠের মধ্যমণি। শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। নতুন কোচ লুইস এনরিকের অনুরোধে আরও এক মৌসুম বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মৌসুম শুরু হলে চেনা রূপে আবারও ফিরতে পারবেন কি না সেটা এখনই বলা যাচ্ছে না, তবে বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স মনে করিয়ে দিচ্ছে পুরনো সেই জাভি হার্নান্দেজকে। বয়স ৩৪ বছর পেরিয়ে গেলেও এখনো যে ফুরিয়ে যাননি, সেটাই যেন প্রমাণ করলেন জাভি। ফ্রান্সের নিচের সারির ক্লাব নিসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর জাভির গোলেই রক্ষা পেয়েছে বার্সেলোনা। মাঠ ছেড়েছে ১-১ গোলের ড্র নিয়ে। প্রথমার্ধের ২১ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ডারিও সিটানিচের গোলে এগিয়ে গিয়েছিল নিস। প্রথমার্ধ শেষ করেছিল এই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে, ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান জাভি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।