ভারতীয় কিশোরীকে উদ্ধারের লক্ষ্যে দফায় দফায় পতাকা বৈঠক

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫০
কাঁটাতারের বেড়া ঠেকাতে পারেনি মোবাইল ফোনের ভারতীয় প্রেমিকাকে। ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এক ভারতীয় কিশোরী তার বাংলাদেশী প্রেমিক রুবেল মিয়ার হাত ধরে অজানা উদ্দেশ্যে রয়েছে। এ চাঞ্চল্যকর প্রেমের ঘটনা ঘটেছে ফুলবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী সীমান্তে। এদিকে মেয়েটিকে অপহরণ করার অভিযোগ জানিয়ে বিজিবিকে পত্র দিয়েছে বিএসএফ। বিজিবিসহ যুবকের পরিবার হন্যে হয়ে খুঁজলেও পাত্তা পাচ্ছে না তাদের। এ নিয়ে বিজিবি বিএসএফের মধ্যে মেয়েটিকে ফেরত চেয়ে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের কলেজ পড়ুয়া মঈনুল হকের ছেলে মোঃ রুবেল মিয়ার সঙ্গে ভারতের কোচবিহার জেলার ফিরোজা খাতুন এর দীর্ঘদিন ধরে মোবাইল প্রেম চলে আসছিল। প্রেমকে বাস্তবে পরিণয়ের আশায় বাবা-মার সংসার ছেড়ে রাতের অন্ধকারে গত শুক্রবার সন্ধ্যায় রুবেলের কাছে আসে ফিরোজা খাতুন। ওই দিন থেকে প্রেমিক যুগলকে খুঁজে পাচ্ছে না বিজিবিসহ যুবকের পরিবার। এ প্রসঙ্গে ৪৫ বিজিবি কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইমরান নিজামী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভারতীয় মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।