কাহালু সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫৪
কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস নানা অনিয়ম আর হয়রানির মধ্যদিয়ে চলছে। সরকার নির্ধারিত ফি দিয়ে এ অফিসে জমি সম্পাদন করতে না পেরে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এখানে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য থাকায় সোনাতলা উপজেলা সাব-রেজিস্ট্রারকে দিয়ে এ অফিস সপ্তাহে ৩ দিন কাজ চালানো হয়। অপরদিকে ২৪ হাজার টাকার নিচে দলিল সম্পাদনের ফি অফিসে নগদ নেয়ার বিধান থাকায় অফিসে সাধারণ মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ টাকা নেয়া হয় বলে অনেক অভিযোগ রয়েছে। দলিল সার্চ, দলিল তোলা বা দলিলের নকল নিতে গেলে সরকার নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা দিতে হয়। অপরদিকে সাধারণ মানুষ যাতে জমি রেজিস্ট্রিসহ দলিল সংক্রান্ত ফির হিসাব যাতে না বুঝতে পারে সে জন্য ছোট অক্ষরে লেখা সিটিজেন চার্টারটি অফিসের উঁচু স্থানে টাঙানো রয়েছে যা নিচ থেকে এর লেখাগুলো পড়া বা বোঝা সম্ভব নয়। কাহালু সাব-রেজিস্ট্রি অফিসারের অনিয়ম সম্পর্কে তার সাথে মোবাইল ফোনে কথা বলতে গেলে তিনি মোবাইল ফোনে কোন প্রশ্নের উত্তর দিবেন না বলে জানান।