ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণঘাতী নয় এমন আরো অস্ত্রের ব্যবহার অব্যাহত রাখা হবে। বিএসএফের মহাপরিচালক ডিকে পাঠক ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ। তাই সীমান্তে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার অব্যাহত থাকা উচিত। এজন্য নতুন করে পর্যালোচনা করার দরকার নেই। তাদের মতে, এ ধরনের অস্ত্রের ব্যবহার সীমান্তের নিরাপত্তা রক্ষায় সহায়ক হচ্ছে।
গত এপ্রিলে দায়িত্ব গ্রহণের পর ডিকে পাঠক সম্প্রতি ভারতের পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিদ্যমান নীতি অনুযায়ী প্রাণঘাতী নয় এমন আরো অস্ত্র ব্যবহার করা হবে। এর মধ্যে পাম্প একশন গান, স্টান লেজার শটস ও রাবার বুলেট রয়েছে। বিএসএফের নির্দিষ্ট গ্রুপকে এগুলো দেয়া হচ্ছে। এর বাইরে সদস্যদের কাছে মারণাস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত ব্যবস্থাপনার জন্য দুই দেশই কিছু পদক্ষেপ গ্রহণ করছে।
