ওবামার নতুন ভালোবাসা

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:২৪
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক গুণবতী নারীর প্রেমে মুগ্ধ হয়েছেন! কোনো ট্যাবলয়েড পত্রিকার বানানো খবর নয়, ওবামা স্বয়ং স্বীকার করেছেন এই কথা। কে সেই নারী? তিনি ওবামার স্বদেশী পপ তারকা কেটি পেরি। কেটি তার খুবই প্রিয় বলে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কেটিকে তিনি ভীষণ ভীষণ ভালোবাসেন। তিনি তার গুণমুগ্ধ ‘ভক্তও’ বটে। স্পেশাল ওলিম্পিকের ৪৬-তম বর্ষপূর্তি ও তার প্রতিষ্ঠাতার সম্মানার্থে সমপ্রতি হোয়াইট হাউসে এক ভোজসভায় সমপ্রতি পারফর্ম করেন এই জনপ্রিয় পপ গায়িকা। সেখানে তার গান মাতিয়ে দিয়েছে প্রেসিডেন্টকে। গান শুরু হবার আগে সেখানে কেটিকে তার পছন্দের মানুষদের একজন বলে পরিচয় করিয়ে দেন ওবামা। সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেন, আজকের রাতে আমার অতি প্রিয় মানুষদের একজন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। তিনি আর কেউ নন- কে টি পে রি! আমরা ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাদের মাঝে এসেছেন। আমি কেটি পেরিকে ভীষণ ভালবাসি। অনুষ্ঠানে কেটির সঙ্গে ছিলেন তার মা। তারও উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, কেটি এক চমত্কার ব্যক্তিত্ব। ওর মায়ের সঙ্গেও দেখা হল। তারপরই বুঝলাম কেন কেটি এত দারুণ! সঙ্গীত সফরে ব্যস্ততার মধ্যেও হোয়াইট হাউসে গান গাইতে রাজি হওয়ায় কেটিকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন, আমি আপনাদের সবাইকে জানাতে চাই, এখন কিন্তু কেটি ব্যক্তিগত অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্যুরে রয়েছে। তার মধ্যেও সময় বের করে ও আমাদের মাঝে এসেছে। এটা আমাদের কাছে এক বিশেষ প্রাপ্তি। এজন্য আমরা কেটিকে ধন্যবাদ জানাচ্ছি।