মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রুশরা জাতি হিসাবে তেমন কিছুই করতে পারেনি। বিশ্বে তাদের অবদান চোখে পড়ার মতো নয়। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে পুতিন যে খেলা শুরু করেছে, এর দীর্ঘমেয়াদী ফল কখনোই রাশিয়ার জন্য হিতকর হবে না। তিনি বলেন, দেশটির অর্থনীতির সূচক নিম্নগামী, জনসংখ্যাও কমছে, এরপরও তারা ইউক্রেন নিয়ে যেভাবে কূটকৌশল অবলম্বন করছে,এর ভবিষ্যত্ কখনোই মঙ্গল কিছুর ইঙ্গিত করে না। রবিবার ইকোনোমিস্ট ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।
ওবামা বিশ্বে রাশিয়ার ভূমিকা নিয়ে বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘমেয়াদী ভূমিকা সেদেশের জন্য ক্ষতির কারণই বয়ে আনবে। তিনি বলেন, এটা বলার অপেক্ষাই রাখে না যে, রাশিয়ার জন্য পুতিন অবশ্যই মঙ্গল কিছু বয়ে আনবে না।
ওবামা বলেন, বিভিন্ন বিষয়ের আঙ্গিকে বিচার করলে দেখা যাবে যে, রাশিয়া সত্যিকার অর্থে বিশ্বে তেমন কোন অবদান রাখতে পারেনি। জীবন ও জীবিকার তাগিদে সেখানে অভিবাসীদেরও কোন আনাগোনা নেই। পুরুষদের গড় আয়ু প্রায় ৬০ বছর। জনসংখ্যার হারও কমছে। দেশটির নানা নেতিবাচক দিক নিয়ে কথা বলা হলেও রাশিয়া বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তেল ও দ্বিতীয় বৃহত্তম গ্যাস উত্পাদনকারী দেশ। এসব কারণে ইউরোপের অনেক দেশই তাদের উপর নির্ভরশীল। তবে ইউক্রেন নিয়ে মাথা ব্যথার কারণে রাশিয়ার অবস্থান এখন অনেকটা এক ঘরে হওয়ার মতো।
ওবামা বলেন, আমাদের একটা বিষয় নিশ্চিত হতে হবে যে রাশিয়া যাতে কোনভাবেই তাদের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সাধন করতে না পারে। ওবামা গত সপ্তাহে পুতিনকে বলেন, তিনি মনে করেন, রাশিয়া ১৯৮৮ সালের আন্তর্জাতিক পারমাণবিক রেঞ্জেস ফোর্সেস চুক্তি লঙ্ঘন করেছে।
