সাফল্যের সাথে ১০ বছর পূর্ণ করলো দৈনিক পত্রিকা নিয়ে আলোচনার অনুষ্ঠান ‘আজকের সংবাদপত্র’। শুরুতে রাত ১২টায় প্রেস থেকে পত্রিকা নিয়ে তাত্ক্ষণিক একটি অনুষ্ঠানের আয়োজন সম্ভব কিনা— এমন প্রশ্ন ও সম্ভাব্যতা যাচাই চলেছিল খোদ আয়োজকদের মধ্যেই। প্রথম পরীক্ষামূলক অনুষ্ঠান প্রচারে মতিউর রহমান চৌধুরী সঙ্গী হিসেবে পেয়েছিলেন যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলমকে। সেই থেকে শুরু। ইলেকট্রনিক মিডিয়ায় এক নতুন যুগের সূচনা। অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছিল অনেকটা নাটকীয়ভাবে। বিমানে বসে চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর ও মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মধ্যে কথাচ্ছলে নানা উত্থান-পতন, অনুষ্ঠান করা যাবে কিনা? দর্শক দেখবে কিনা? পত্রিকা পাওয়া যাবে কিনা? এমন অগুনতি প্রশ্ন ছাপিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়েছিল ২০০৫-এর ৬ই আগস্ট। তার পরের কথা তো পাঠকদের জানাই আছে। দর্শকনন্দিত ‘গ্রামীণফোন আজকের সংবাদপত্র’ অনুষ্ঠান সফলতার সঙ্গে নবম বর্ষ অতিক্রম করে দশম বর্ষে পদার্পণ করেছে। ২০০৫-এর ৬ই আগস্ট শুরু হওয়া সরাসরি প্রচার চলতি এ অনুষ্ঠানটি ইতিমধ্যে অর্জন করেছে ব্যাপক দর্শকপ্রিয়তা। দিনের প্রকাশিত পত্রিকার প্রথম সংস্করণের কপি নিয়ে রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই’র ভিন্নধর্মী আয়োজন ‘গ্রামীণফোন আজকের সংবাদপত্র’ ঘুম কেড়ে নেয় অগণিত দর্শকের। রাতের আয়োজনে দেশে তো বটেই, দেশের বাইরের প্রবাসী দর্শকরা অনেক আগে পত্রিকা না পেয়েও জেনে যাচ্ছেন দিনের আলোচিত ঘটনাবলি ও প্রকাশিত সংবাদের বিশ্লেষণ।
