এশিয়ান গেমস ফুটবলকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ডি ক্রুইফ একজন গোলরক্ষক কোচ চাইছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে অনেক খোঁজ করেও সে রকম কাউকে না পাওয়ায় শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যকে ক্যাম্পে গোলরক্ষক কোচের দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করলে তাতে সাড়া দেন বিপ্লব।
গতকাল সোমবারই বিপ্লব বিকেএসপিতে এশিয়ান গেমসের চলমান ক্যাম্পে যোগ দিয়েছেন। সংবাদ মাধ্যমকে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আজই আমি ক্যাম্পে যোগ দিয়েছি। এখানে আমি ১৫ আগস্ট পর্যন্ত সময় দিবো। এর বেশি সময় দিতে পারবো না। কারণ আমি শেখ রাসেল ক্লাবের সাথে এখনও আছি। শেখ রাসেল ক্রীড়া চক্র এএফসি প্রেসিডেন্ট কাপের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলতে যাবো। ২০ ও ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় আমাদের দুটি ম্যাচ আছে। এটার জন্য ১৫ আগস্টের পর থেকে শেখ রাসেলের ট্রেনিং শুরু হবে। তবে এটা এখনও অনিশ্চিত, কারণ শেখ রাসেলের সাথে আমার এখনও চুক্তি নবায়ন হয়নি। আশা করছি ৩/৪ দিনের মধ্যেই চুক্তি নবায়ন সম্পন্ন হবে। আর আমি যদি শেখ রাসেলের সাথে চুক্তি নবায়ন না করি, তাহলে এশিয়ান গেমসের ক্যাম্পটা চালিয়ে যেতে পারবো।’
গত পরশু রবিবার এশিয়ান গেমসের প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের ম্যানেজারের কাছে রিপোর্ট করার কথা ছিলো। ২৫জন খেলোয়াড়ের মধ্যে ২৩জন রিপোর্ট করলেও চাচার মৃত্যুর কারণে রিপোর্ট করতে পারেননি জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। গতকাল তিনি বিকেএসপিতে চলমান ক্যাম্পে যোগ দিয়েছেন। ক্যাম্পে এখনও যোগ দেননি ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। এমনটি নিশ্চিত করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
