বয়স ৩৯ হয়ে গেছে। তার সমসাময়িকরা বেশীরভাগই বুট তুলে রেখেছেন। কিন্তু ইতালি ও জুভেন্টাসের সাবেক তারকা আলেসান্দ্রো ডেল পিয়েরো বলছেন, আরও কিছুদিন খেলাটা চালিয়ে যেতে চান তিনি। যদিও আসন্ন মৌসুমে এখন পর্যন্ত কোন ক্লাব তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি।
গত মৌসুমের শেষে সিডনি এফসির সাথেও চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয়েছেন ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়। কিন্তু শনিবার সাবেক ক্লাব জুভেন্টাসের বিপক্ষে অল স্টার্স ক্লাবের অধিনায়কত্ব করার জন্য তাকে ঠিকই ডেকেছে অস্ট্রেলিয়া। ডেল পিয়েরো জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি ফিট এবং অন্তত আরো এক বছর তিনি ফুটবল খেলা চালিয়ে যেতে চান। কিন্তু কোন ক্লাবে খেলবেন কিংবা তার ধরনই বা কেমন হবে সেটা এখনো ঠিক করেননি।
ক্যারিয়ারে এটাই তার শেষ ম্যাচ কিনা সিডনিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডেল পিয়েরো বলেছেন, ‘না আমি তা মনে করি না। তবে হয়তবা সিডনিতে এটা আমার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু এখনো আমি অস্ট্রেলিয়ান ফেডারেশন এবং সিডনির সাথে যোগাযোগ রেখেছি। এখানে আসতে পেরে আমি খুব খুশী এবং আশা করছি ভবিষ্যতেও এই যোগাযোগ বজায় রাখতে পারবো।’
জুভেন্টাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই তারকা স্ট্রাইকার ইঙ্গিত দিয়েছেন বর্তমানে দুটি বড় ক্লাবের সাথে তার আলোচনা হচ্ছে। কিন্তু ক্লাবগুলোর নাম প্রকাশে তিনি রাজী হননি। তবে এই মুহূর্তে সেরা সুযোগটাকেই তিনি বেছে নিবেন। মোট কথা ফুটবলকে চালিয়ে নেবার জন্য তিনি সবকিছুই করতে রাজি আছেন। আর তাই আরো অন্তত এক বছর তার সার্ির্ভস পেতে যাচ্ছে ক্লাব ফুটবল।
ইতালিয়ান এই তারকা ১৯ বছর জুভেন্টাসে কাটিয়েছেন। এর মধ্যে তিনি ৫১৩ ম্যাচে করেছেন ২০৮টি গোল। এরপর তিনি এ লীগে যোগ দেন। পুনরায় অস্ট্রেলিয়ায় ফিরে আসতে পেরে তিনি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিশেষ করে ম্যাচটি জুভেন্টাসের বিপক্ষে বলে আবেগটা যেন একটু বেশী। এই ম্যাচকে সামনে রেখে জুভেন্টাসও পূর্ণ শক্তির দল নিয়েই সিডনিতে এসেছে। এর মধ্যে রয়েছেন নতুন চুক্তিভুক্ত প্যাট্রিস এভরা, আন্দ্রে পিরলো, গিয়ানলুইগি বুফন, কার্লোস তেভেজ এবং পল পগবা।—বাসস
