এবার রিয়ালের নাবিক নাভাস

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৪
বিশ্বকাপে তিনি ছিলেন কোস্টারিকার নাবিক। সেই দায়িত্বটা যে তিনি বেশ দক্ষতার সাথেই পালন করেছেন তা বলাই বাহুল্য। এবার তিনি পেতে যাচ্ছেন নতুন দায়িত্ব, আরও বড় দায়িত্ব। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবের গোলপোস্ট আগলে রাখবেন কেইলর নাভাস। সেই বড় দলটি হল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গোলরক্ষক কেইলর নাভাসের দলভুক্তি নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। লেভান্তে থেকে নাভাসের এই দলবদলের বিষয়টি গত রবিবার নিশ্চিত করেছে দশটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী দলটি। লা লিগার দল লেভান্তের এক নম্বর গোলরক্ষক ছিলেন বটে কিন্তু তাকে নিয়ে এই আগ্রহ আগে ছিল কই। কিন্তু এক টুর্নামেন্ট দিয়েই বদলে গেল কেইলর নাভাসের জীবন। ঠিক যেন জনপ্রিয় কোন চলচ্চিত্রের চিত্রনাট্য, কিংবা রূপকথার কোন কল্পরাজ্য। বিশ্বকাপের পর থেকেই কোস্টারিকান গোলরক্ষককে নিয়ে অনেক কানাঘুষা ছিল দলবদলের বাজারে। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ এমনকি বার্সেলোনাও তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে জিতে গেল রিয়াল মাদ্রিদই। ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয় সেই বিজয়ের কথা, ‘কেইলর নাভাসের ট্রান্সফারের বিষয়ে রিয়াল মাদ্রিদ এবং লেভান্তে সমঝোতায় পৌঁছেছে। আগামী ছয় বছরের জন্য নাভাস রিয়ালের সাথে চুক্তি সম্পন্ন করেছে।’ স্প্যানিশ রাজধানীর ক্লাবটি আরো জানিয়েছে, ২৭ বছর বয়সী নাভাসের এই চুক্তির বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে মেডিকেল পরীক্ষার পরে স্যান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে। মাদ্রিদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত স্পোর্টস দৈনিক মার্কা জানিয়েছে, নাভাসের এই চুক্তির শর্তাবলী প্রকাশে রিয়ালকে ১ কোটি ইউরো (১৩.৪ মিলিয়ন মার্কিন ডলার, ৮ মিলিয়ন পাউন্ড) গুণতে হয়েছে। গত দুই মৌসুম নাভাস লেভান্তের সাথে লা লিগায় কাটিয়েছেন। এবারের ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকাকে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পিছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি। কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে পরাজিত হয়ে কোস্টারিকা বিদায় নেয়। কার্লো আনচেলত্তির দলে তাকে গোলরক্ষকের মূল স্থানটি দখল করতে হলে অভিজ্ঞ ইকার ক্যাসিয়াসের সাথে লড়াই করতে হবে। দলের অপর গোলরক্ষক ডিয়েগো লোপেজের ক্লাব ছাড়া প্রায় নিশ্চিত হবার পরেই নাভাসের দিকে হাত বাড়ায় রিয়াল। গত মৌসুমে আনচেলত্তির প্রথম পছন্দ হিসেবেই লোপেজ রিয়ালে খেলেছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রে’র শিরোপা মিশনে মূল একাদশে ছিলেন ক্যাসিয়াস। অন্যদিকে বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর ইকার ক্যাসিয়াসের চলছে দুর্দিন। মাঝে আর্সেনালে যাওয়ার একটা আভাস পাওয়া গেলেও এখনও সেখানে চলছে এক রকম স্থবিরতা। শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকলে রিয়াল মাদ্রিদেই থেকে যাবেন স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাসিয়াস। সেক্ষেত্রে দলে জায়গা পেতে ক্যাসিয়াসকে এবার লড়াই করতে হবে নাভাসের সাথে। বড় একটা সমস্যায় পড়তে হবে কোচ কার্লোস অ্যানচেলত্তিকেও। ফর্মের তুঙ্গে থাকা নাভাস আছেন। আছেন স্পেনের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ও রিয়ালের ঘরের ছেলে ইকার ক্যাসিয়াস। কার উপর ভরসা রাখবেন তিনি? সময়ই জানিয়ে দেবে এই প্রশ্নের উত্তর! মার্কা/ওয়েবসাইট