বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে- চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে আসছেন রামাদেল ফ্যালকাও; কিন্তু কলম্বিয়ান স্ট্রাইকারের ভাবনা জুড়ে কেবলই বর্তমান ক্লাব মোনাকো।
অ্যাটলেটিকো মাদ্রিদে থাকার সময় থেকেই ফ্যালকাওয়ের নজর পড়েছিল রিয়ালের; কিন্তু ২৮ বছর বয়সী ফ্যালকাওয়ের সঙ্গে এখনো চুক্তিটা বাস্তব রূপ দিতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। ফরাসি লিগ ওয়ানের দল মোনাকোতে যাওয়ার পরও ফ্যালকাওয়ের প্রতি নজর সরায়নি রিয়াল। ধারণা করা হচ্ছিল- চলতি দল বদলের মৌসুমে এই তারকা স্ট্রাইকার রিয়াল বা অন্য কোনো ক্লাবে নাম লেখাতে পারেন। যদিও ফ্যালকাও জানালেন, দল বদল নিয়ে কিছুই ভাবছেন না তিনি।
দল বদল নিয়ে যখন চারদিকে গুঞ্জন চলছে, তখন চোট কাটিয়ে ওঠা ফ্যালকাও জানালেন- মোনাকোর হয়েই শুরু হতে যাওয়া মৌসুমে নিজের সেরাটা খেলার জন্য প্রস্তুতির কথা, ‘সত্যি বলতে এই মুহূর্তে মোনাকো ছাড়া অন্য কোন ক্লাব নিয়ে ভাবছি না আমি। এখানেই আমি কঠিন পরিশ্রম চালিয়ে যেতে চাই এবং এই ক্লাবটির হয়েই খেলা চালিয়ে যেতে চাই। কোচ যে পজিশনে চান, সেখানেই আমি খেলতে প্রস্তুত।
হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারেননি। প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এমিরেটাস কাপে গত রবিবার রাতে আর্সেনালের বিপক্ষে ম্যাচে সুস্থ হয়ে ফিরলেন। আবারও পরিচিত রূপে দেখা গেল এই গোল মেশিনকে। তার গোলেই স্বাগতিকদের ১-০ গোলে হারালো মোনাকো।
