বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন করে শুরু করার প্রত্যয় আবারও ফিরেছিলেন কোচিংয়ে। কিন্তু ব্রাজিল ঘরোয়া ফুটবলের দল গ্রেমিওর হয়েও শুরুটা ভাল হল না সাবেক ব্রাজিলিয়ান কোচ লুই ফিলিপ স্কোলারির। নিজের প্রথম ম্যাচেই হারতে দেখলেন দলকে। গত শনিবার ব্রাজিলিয়ান সিরি ‘এ’র ম্যাচে তার ক্লাব গ্রেমিও ২-১ গোলে পরাজিত হয়েছে ভিক্টোরিয়ার কাছে। যদিও ম্যাচের শুরুতে এগিয়েই গিয়েছিল গ্রেমিও। ১১ মিনিটে দলটিকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস। কিন্তু এতে শেষ রক্ষা হয়নি স্কোলারির। দ্বিতীয়ার্ধে সাইওর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়া। সামান্য একটা জয়ের জন্য তাই আরও কয়েকদিন অপেক্ষা করা ছাড়া তাই অন্য কোন পথ খোলা নেই স্কোলারির সামনে। গ্রেমিওর অবস্থাটাও ঠিক তাদের কোচের মতই। সর্বশেষ আটটা লিগ ম্যাচে তারা মাত্র একটি ম্যাচে জিতেছে।
