বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৮ জন নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৭
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৮ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। টাঙ্গাইলে একজন নিহত ও ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে গতকাল সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচজন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, চালক রুস্তম আলী, ফায়ারম্যান লিডার টিপু সুলতান, ফায়ারম্যান জুলহাস উদ্দিন, মাসুদ রানা ও আকতার হোসেন আহত হন। তাদেরকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি জোবায়দুল আলম জানান, নাটিয়াপাড়ার সড়ক দুর্ঘটনায় জামালপুরের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছাতকে মানসিক রোগীর মৃত্যু সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় গত রবিবার অজ্ঞাত পরিচয় এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। তাকে পৌর শহরের অলিগলিতে ঘুরাফেরা করতে দেখা যেত। ঘটনার দিন রাতে সড়কের পাশ দিয়ে হাটার সময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী গাড়ীর ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। কালীগঞ্জে নিহত এক গাজীপুরের কালীগঞ্জে সিএনজি ও টমটমের সংঘর্ষে রত্না বেগম (৪০) নামে এক প্রতিবন্ধি মহিলা নিহত ও ৮ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার জামালপুর তেরমুখ ব্রিজের দক্ষিণপাশে সিএনজি ও টমটমের সংঘর্ষে ৮/১০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে রত্না বেগমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। আদমজী ইপিজেডে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে দেয়াল ধ্বসে গতকাল সোমবার দুপুরে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ইপিজেডের এক নং গলিতে রিজার্ভ ট্যাংকির কাজ করছিল জাহাঙ্গীরসহ আরো কয়েকজন শ্রমিক। এ সময় জাহাঙ্গীরের উপর দেয়াল ধসে পড়লে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। নবীনগরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় গতকাল সোমবার পানিতে ডুবে নাইমা (১২) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। সে স্থানীয় মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সে বুড়ি নদীর বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। এলাকাবাসী উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। শাল্লায় তরুণীর লাশ উদ্ধার সুনামগঞ্জের শাল্লা উপজেলার রামপুর গ্রাম থেকে গতকাল সোমবার সকালে আফরোজা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাল্লা থানার ওসি আনিছুর রহমান বলেন, আফরোজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কুলিয়ারচরে গৃহবধূর আত্মহত্যা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদর নোয়াগাঁও বেপারীপাড়া গ্রামে গত রবিবার রাতে তাসলিমা (৩৫) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন। ওসি দেলোয়ার হোসেন খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেন। চাঁদপুরে গৃহবধূর লাশ উদ্ধার চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় সোমবার সকালে নাজমা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজমাকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে পুলিশ তার স্বামী মো. আজাদ গাজীকে আটক করেছে।