রেড মিট আহারে হার্টের সমস্যা, কোলেস্টেরলের আধিক্য, কোলন ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে। এধরনের তথ্য বহুবার প্রকাশিত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত মহিলা অতিরিক্ত পরিমাণে রেড মিট আহার করেন তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি। গবেষকগণ ২০ বছর ধরে ৮৮ হাজার মহিলার ওপর গবেষণা চালান এবং তন্মধ্যে ২ হাজার ৮৩০ জনের ব্রেস্ট ক্যান্সার সনাক্ত হয়।
গবেষকগণ বলছেন, অতিমাত্রায় রেড মিট আহারকারীদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে শতকরা ২২ ভাগ বেশি প্রতীয়মান হয়েছে। গবেষণায় অন্তর্ভুক্ত মহিলাদের বয়স ২৬ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে আমেরিকান মিট ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট বেটসি বোরেন এই গবেষণার তথ্যের সঙ্গে পুরোপুরি একমত নহেন। তার মতে রেড মিট আহারে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি উদ্বেগজনক নয়। তবে গবেষকগণ গবেষণায় যে তথ্যই পেয়ে থাকেন না কেন রেড মিট শরীরের জন্য ভালো নয়। তবে মাঝে মধ্যে রেড মিট আহারে কোন ক্ষতি নেই। অন্তত: সপ্তাহে একবার রেড মিট কোন ঝুঁকি ছাড়া আহার করা যায় এমন অভিমতও বিশেষজ্ঞদের।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
