আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম প্রয়াণ দিবস। ছোট পর্দার একাধিক অনুষ্ঠানে একাধিক শিল্পীর সম্মিলন দেখা যাবে যথারীতি। কিন্তু আমরা বাঙালি যেন ক্রমেই রবীন্দ্রনাথকে শুধু রবীন্দ্রসংগীত শিল্পীদের ভেতরেই আটকে রাখছি। সার্বজনীন রবীন্দ্রনাথকে কতটা ধারণ করেন অন্য অঙ্গনের শিল্পীরা? সেই প্রশ্নের উত্তর খুঁজেছি আমরা বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে। গ্রন্থনা করেছেন মোস্তাফিজ মিঠু
আইয়ুব বাচ্চু :রবীন্দ্রনাথ-নজরুলকে পাওয়া আমাদের বাঙালিদের ভাগ্য। তাদের সুর, সংগীত ও কথা সবকিছুই অনবদ্য। গভীরভাবে না শুনলে আসলে এর অর্থ বোঝা যাবে না। আমাদের দেশের অনেকে রবীন্দ্রসংগীত করছে। অনেকে ভালো করছেন। তবে অনেকের সুরের দিকে খেয়াল রাখা উচিত।
মিশা সওদাগর :রবীন্দ্রনাথ আমার কাছে জাতির প্রতিনিধি। রবীন্দ্রসংগীত শোনা এখন খুব একটা হয় না। কারণ আমি যেই পেশায় আছি সেখানে বেশির ভাগ সময় বাইরে থাকতে হয়। নচিকেতা একটি গান করেছিল ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...’, গানটি নচিকেতা একটু অন্য ঢঙে গেয়েছে যা আমার ভালো লেগেছে।
ওমর সানি :রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যার ভক্ত সারা বিশ্ব। আসলে তার ভক্ত হওয়া লাগে না। তিনি ভক্ত তৈরি করে নেন। তার গান, কবিতা, গল্প আরও কত কি—আমদের জীবনের প্রতিটা মুহূর্তকে কেন্দ্র করে তিনি গান লিখেছেন। আমাদের দেশের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আমার প্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী।
মৌসুমী :রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে পারাটা একটি সৌভাগ্যের ব্যাপার। রবীন্দ্রনাথের বই পড়া, গান শোনা সবই হয়। একটা সময় আরও বেশি হতো। তবে এখনও হয়। বিশেষ মুহূর্তগুলোতে তার গান শোনার আগ্রহটা তীব্র হয়।
অনন্ত জলিল :রবীন্দ্রসংগীত আমার বরাবরই প্রিয়। আর সেই ভালোলাগা থেকেই আমার ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’-তে একটি রবীন্দ্রসংগীত আমি ব্যবহার করেছি। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের বাঙালিত্ব অপূর্ণ।
ইমন :ছোটবেলা থেকেই যে গানগুলো সঙ্গী আমার তাহলো রবীন্দ্রসংগীত। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই। তবে আমার এই গান নিয়ে রিমেক ভালো লাগে না। সকাল বেলা মিষ্টি সুরের রবীন্দ্রগান ছাড়া কীভাবে বাঙালির দৈনন্দিন শুরু হয়।
