‘উষ্ণায়ণ রুখে দিচ্ছে পিঁপড়েও’

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৩৭
উষ্ণায়ন রুখতে তত্পর পিঁপড়েও! দীর্ঘদিনের পরীক্ষা-নিরীক্ষার পর এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের বক্তব্য, পরিবেশের কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে বিশেষ প্রক্রিয়ায় মাটিতে ‘বন্দি’ করে চলেছে কয়েকটি প্রজাতির পিঁপড়ে। সমীক্ষার খুঁটিনাটি তথ্য প্রকাশিত হয়েছে ‘জিওলজি’ পত্রিকায়। বিশ্ববিদ্যালয়ের গবেষক রোনাল্ড ডর্ন জানান, পিঁপড়ের সংখ্যাবৃদ্ধির সঙ্গে কম মাত্রায় হলেও পরিবেশ পরিবর্তনের যোগসূত্র রয়েছে। বাসা গড়তে তারা খনিজ-সমৃদ্ধ বালুকণা সংগ্রহ করে। পিঁপড়ের দেহ-নিসৃত রস সেসব কণায় মিশলে রাসায়নিক পরিবর্তন হয়। গবেষকরা জানান, তার জেরে কয়েকটি ক্ষেত্রে তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) নামের যৌগ পদার্থ। জলের উপস্থিতিতে কার্বন-ডাই-অক্সাইড সেটির সংস্পর্শে এলে গঠিত হয় ক্যালসিয়াম বাই-কার্বনেট। এতে বাতাস থেকে অল্প হলেও ওই ‘গ্রিন-হাউস গ্যাসের’ পরিমাণ কমে। অনেকটা একই প্রাকৃতিক বিক্রিয়ায় ওই গ্যাস বিপুল পরিমাণে মিশে বিশ্বের সাগর-মহাসাগরে। — আনন্দবাজার পত্রিকা