শত শত কোটি ডলারের প্রতিশ্রুতিতে ওয়াশিংটনে আফ্রিকা সম্মেলন শুরু

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৩৭
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আফ্রিকা সম্মেলন। আফ্রিকা মহাদেশের প্রায় ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান এতে অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে আজ বুধবার পর্যন্ত। সম্মেলনে আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করার ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ১০০ কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি করার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া থাকছে আফ্রিকার সহায়তায় শত শত কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনে আফ্রিকার ৫০টি দেশের শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। বাণিজ্য এবং বিনিয়োগ প্রসারে সরকার ও প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে তার উন্নয়ন ঘটানো হবে। আলোচনায় গুরুত্ব পাবে শান্তিরক্ষী বাহিনীর জন্য তহবিল গঠনের বিষয় নিয়েও। গুরুত্ব পাবে আফ্রিকার খাদ্য ও বিদ্যুতের উন্নয়নে। এ খাতে শত শত কোটি ডলারের অর্থ সহায়তার বিষয় নিয়েও আলোচনা হবে। এছাড়া আরো একটি বিষয়কে গুরুত্ব সহকারে দেখা হবে। তা হলো মারাত্মক এবোলা ভাইরাস দমনে কার্যকর পদক্ষেপ নেয়া। ভাইরাসটি মূলত লাইবেরিয়া, গিনি এবং সিয়েরা লিওন থেকে এসেছে, যা দিনে দিনে আফ্রিকার দরিদ্রতম দেশে ছড়িয়ে পড়ছে। এদিকে ভয়েস অব আমেরিকা জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার আফ্রিকার মন্ত্রীদের প্রতি অবাধ বাজার নীতি এবং আমেরিকা-আফ্রিকা সহযোগিতা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আফ্রিকার প্রবৃদ্ধি এবং সুযোগ বিষয়ক আইন সংশ্লিষ্ট ফোরামে তিনি ওই আহ্বান জানান। ওইদিন তার সঙ্গে আট আফ্রিকার নেতার সাক্ষাত্ হয়। মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামার আমেরিকা-আফ্রিকা ব্যবসা ফোরামে ভাষণ-দেয়ার কথা রয়েছে। এছাড়া সমাপনী দিনে প্রেসিডেন্ট ওবামা অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা ও সুশাসন বিষয়ে অধিবেশনগুলোতে অংশগ্রহণ করবেন। তবে অনেকে মনে করছেন,মূলত আফ্রিকার তেল ও খনিজ সম্পদ বিষয়ে স্বার্থই সবকিছুর মূলে রয়েছে।