গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে প্রায় সাড়ে ১২ শতাংশ। গতকালের লেনদেনে প্রাধান্য ছিল ছোট ও মাঝারি ধরনের মূলধনী কোম্পানিগুলোর। তাই বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়লেও ডিএসইএক্স বেড়েছে মাত্র ৫ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বাজারে লেনদেন হওয়া ব্যাংকের ৩০টি কোম্পানির মধ্যে ২৪টির দাম বেড়েছে। দুটির দাম ছিল অপরিবর্তিত।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯১ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৮ কোটি ৬২ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২১৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
এদিকে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস। শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ জবাব দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬ দশমিক ১৯ শতাংশ। এ সময়ে শেয়ারের লেনদেনও বেড়েছে। গত ৩ ও ৪ আগস্ট লেনদেন হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৫৬৬টি শেয়ার। এই প্রেক্ষিতে শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিকহারে বাড়ার কারণ জানতে চায় সিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিকে শেয়ারবাজারের জ্বালানি ও বিদ্যুত্ খাতে নব্য তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার লেনদেন শুরুর ১০ কার্যদিবসের মাথায় দ্বিগুণ দরে উন্নীত হয়েছে। গতকাল মঙ্গলবার এ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৭২ টাকায় লেনদেন হয়েছে। লেনদেন শুরুর দিনে প্রাথমিক দর ছিল ৩৫ টাকা। মধ্যে দুই দিন শেয়ারটির দর সামান্য সংশোধন হয়। বাকি ৮ কার্যদিবস একটানা দর বাড়ে।
