বাগেরহাটে মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে থাকা এক রহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় হেফাজত খানা থেকে শুকুতারা (১১) নামের ওই শিশুকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শুকুতারা মিয়ানমারের বালিয়াবাজার এলাকার আলী আহম্মেদের মেয়ে।
বাগেরহাট মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত) মো. রেজাউল করিম জানান, আবাসন কেন্দ্রে থাকা অবস্থায় শুকুতারা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ত। গতকাল সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
তত্ত্বাবধায়ক মো. রেজাউল করিম জানান, শুকুতারাসহ একই পরিবারের আটজন রহিঙ্গা নাগরিক ২০১৩ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার ভোমরা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে। এরপর আদালতের মাধ্যমে ২৪ মার্চ শুকুতারা ও তার মা দুলু বেগম, চার বোন এবং দুই ভাইয়ের সঙ্গে বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্রে আসে।
