‘কঠোর’ কোচ লুই ফন গলের তত্ত্বাবধানে ম্যানচেস্টার ইউনাইটেডে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তা উপভোগ করছেন ক্লাবটির তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি।
ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসকে তৃতীয় হতে সাহায্য করা ৬২ বছর বয়সী ডাচ কোচ ফন গল প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নিজের কর্তৃত্ব জোরাল করতে তেমন সময়ও নেননি। প্রাক মৌসুম সফরে ম্যানইউতে ৩-৫-২ গঠন প্রণালীটি সহসাই মানিয়ে নিয়েছেন এই দক্ষ কোচ। মিয়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে সোমবার রাতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে এর প্রমাণও দিয়েছে রেড ডেভিলসরা। নতুন কোচের তত্ত্বাবধানে তিন ম্যাচ খেলে এরই মধ্যে পাঁচটি গোল করে ফেলেছেন দলের তারকা স্ট্রাইকার রুনি। কোচ ব্রেন্ডন রজার্সের দলের বিপক্ষেও গোল করেছেন তিনি।
ব্যক্তিগত পারফরম্যান্সই বলছে- ফন গলের কোচিংয়ে উন্নতি করছেন রুনি। তিনি বলেন, ‘আমাদের গত কয়েকটি সপ্তাহ বেশ ভাল কেটেছে। আমরা নতুন একজন কোচ পেয়েছি, যিনি চান আমরা ভিন্ন কৌশলে ফুটবল খেলি। আমরাও তার কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছি। এই কৌশলে সেরা প্রতিপক্ষদের বিপক্ষে কিছু ভাল ফল পেয়েছি। এ জন্য আমরা সন্তুষ্ট।’
ফন গলের কৌশলের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার ব্যাপারে রুনি আরো বলেন, ‘আমি নিজেই না, নতুন কৌশল পুরো দলের সঙ্গেই মানিয়ে গেছে। কোচ এখানে এসেছেন এবং দেখেছেন- আমরা খেলোয়াড়রা কী অর্জন করেছি। তিনি এমন কাজই করেছেন, যেটা দলের সঙ্গে সবচেয়ে বেশি মানায়।’
নতুন গুরুর ব্যাপারে রুনি আরো বলেন, ‘কোচ হিসেবে তিনি কঠোর; কিন্তু তিনি আসার পর থেকেই দারুণ কাজ করে যাচ্ছেন। ফুটবলের সব ধরনের বিকল্প পথ আমাদের দেখিয়ে দিচ্ছেন তিনি, যেগুলো আমাদের আগে জানা ছিল না। এটা আমাদের জন্য অনেক বড় কিছু এবং আশা করা যায় সামনের দিনগুলোতেও এমনটা চলতে থাকবে।’
লিভারপুলের বিপক্ষে জয়ের ব্যাপারে রুনি বলেন, ‘আমরা খেলাটি জিততে চেয়েছিলাম, ভাল খেলতে চেয়েছিলাম। আমরা তা করতে পেরেছি। আমরা একটি ট্রফিও জিতেছি। লিভারপুলের মতো দলকে হারানোর অনুভূতি সবসময়ই দারুণ। এখানে আমরা যে কাজ করেছি তাতে আমরা সন্তুষ্ট। এখন আমরা ভ্যালেন্সিয়ায় যাবো এবং এরপর মৌসুম শুরু করবো।’ -সকারওয়ে
