দিন পাঁচেক আগে লা লিগার সভাপতি জ্যাভিয়ার তেবেস বলেছিলেন, ‘আমরা থাকতে চাই না। কম করে হলেও আমাদের লিগে আমি ৫০০ জন বিশ্বসেরা খেলোয়াড়কে দেখতে চাই।’ তার চাওয়াটা নিতান্ত অযৌক্তিক কিছু না। এমনিতেই যে এখন বসেছে এক ঝাঁক ফুটবল তারকার মেলা।
তারকাদের সবচেয়ে বড় মেলাটা শেষ হয়েছে গত মাসে। ব্রাজিলের বিশ্বকাপের পর খেলোয়াড়রা সবাই ছড়িয়ে পড়েছেন বিশ্বের নানা প্রান্তে। এদের মধ্যে সবচেয়ে বড় ঝাঁকটাই এখন স্পেনে। কি নেই সেখানে। আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তার সাথেই গত সোমবার অনুশীলন করতে দেখা গেল নতুন তারকা হামেস রড্রিগেজকে। একদিন আগেই রিয়াল মাদ্রিদ শিবিরে নাম লেখানো কেইলর নাভাসও আছেন দলের সাথেই। মেসি, রোনালদো, নেইমার রড্রিগেজরা যেখানে খেলেন তাকে বিশ্বসেরা লিগ বলে মানতেই হচ্ছে। রিয়াল মাদ্রিদের বিবেচনায় তারকার দিক থেকে কিছুটা ‘কমতি’ ছিল বার্সেলোনার। কিন্তু, গতকালের অনুশীলনেই বদলে গেল দৃশ্যপট। ছুটি কাটিয়ে ফিরে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালের স্মৃতিটা মেসির জন্য দ্রুতই ভুলে যাওয়া দরকার। ব্যাপারটা বার্সেলোনারও বেশ ভাল ভাবেই জানা। সে জন্যই কি না ম্যানেজমেন্ট তাকে এক সপ্তাহ বেশি ছুটি দিয়েছিল। সময়টা ভালই উপভোগ করেছেন মেসি। বান্ধবী অ্যান্টোনেলা রকুজ্জো ও ছেলে থিয়াগোর সাথে ছিলেন ইতালিতে।
২৭ বছর বয়সী এই তারকা গতকালই ছুটি শেষে যোগ দিয়েছিলেন কাতালান দলের সাথে। বার্সেলোনার ক্যাম্প এখন চলছে ইংল্যান্ডের সেন্ট জর্জেস পার্কে। সর্বশেষ ফরাসী লিগ ওয়ানের দল নিসের সাথে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। বার্সেলোনা এক সুয়ারেজ বাদে গোটা স্কোয়াডকেই দেখা যায় নতুন কোচ লুই এনরিকের অধীনে অনুশীলন করতে। লা লিগা শুরু হতে এখনও সপ্তাহ তিনেক বাকি।
রিয়াল মাদ্রিদের সামনে অবশ্য বড় একটা ম্যাচ অপেক্ষা করছে। আগামী ১২ তারিখ তারা স্পেনেরই আরেক ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ইউরোপিয়ান সুপার কাপের লড়াইয়ে। তার আগে অবশ্য সর্বশেষ প্রস্তুতি ম্যাচটা তাদের জন্য বড় কোন সৌভাগ্য বয়ে আনতে পারেনি। প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তারা হেরেছিল ৩-১ ব্যবধানে। গত মঙ্গলবার রাতে লিভারপুলকে হারিয়ে টুর্নামেন্টটির শিরোপা জিতে নেয় রেড ডেভিলরা।
