বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে পরাজিত হয়ে বিদায় নেবার পরে ম্যাচ অফিসিয়ালদের প্রতি বাজে মন্তব্য করায় আটটি আন্তর্জাতিক ম্যাচে গ্রীসের সাবেক কোচ ফার্নান্দো সান্তোসকে নিষিদ্ধ করেছে ফিফা। গত সোমবার ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, সান্তোস বেশ কয়েকটি অসৌজন্যমূলক আচরণ করেছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অতিরিক্ত সময়ে ডাগ আউট থেকে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বাজে মন্তব্যও করেছেন। ম্যাচটিতে গ্রীস পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়ে বিদায় নেয়। ফিফা জানিয়েছে, এরপর যেকোন দলের জাতীয় কোচ হিসেবে সান্তোস এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন। এই শাস্তির অর্থ হচ্ছে পর্তুগীজের এই কোচের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়ত শেষ হয়ে যাচ্ছে। ব্রাজিল বিশ্বকাপের পরে গ্রীসের সাথে তার চুক্তিও শেষ হয়ে গেছে। ফিফা আরো জানিয়েছে, ডিসিপ্লিনারি কমিটি আগামী ছয় ম্যাচের জন্য ইতালির মেডিক্যাল কর্মকর্তা আলডো এসপোসিতোকে নিষিদ্ধ করেছে। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচে ইতালির ডাগ আউট থেকে এসপোসিতো অশোভন আচরণ করায় ফিফা এই শাস্তি দিয়েছে।
