ক্যান্ডির সেইন্ট অ্যান্থনি স্কুলকে শ্রীলঙ্কার দারুণ প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেরা স্কুল বানিয়ে ফেলার জন্য কৃতিত্ব দেয়া হতো তিন বন্ধুকে। একজন অফস্পিনার, একজন বাঁহাতি স্পিনার ও একজন অফস্পিনিং অলরাউন্ডার। এই তিন বন্ধুর একজন কালক্রমে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার হয়েছেন—মুত্তিয়া মুরালিধরন। বাকি দু’ জন আন্তর্জাতিক খ্যাতি তেমন না পেলেও শ্রীলঙ্কার ক্রিকেটে খুবই সম্মানীয় অবস্থায় গেছেন; খেলোয়াড়ী জীবন শেষ করে এখন কোচ হিসেবেও নাম করেছেন। আর মুরালিধরনের সেই দুই বন্ধু রুয়ান কালপাগে ও পিয়াল উইজেতুঙ্গে এবার যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ দলের সঙ্গে।
এই দুই সাবেক ক্রিকেটার ও বর্তমান শ্রীলঙ্কা দলের সহকারী কোচ বাংলাদেশে আসছেন, এমনটা আগেই শোনা গিয়েছিল। এবার দু’ জনেরই শ্রীলঙ্কা দল থেকে পদত্যাগের খবরে অনেকটাই নিশ্চিত হওয়া গেল যে, তারা সাবেক সতীর্থ চান্দিকা হাতুরুসিংহের ডাক উপেক্ষা করছেন না। শ্রীলঙ্কার সহকারী কোচ কালপাগে ও জাতীয় দলের স্পিন কোচ পিয়াল এরই মধ্যে যার যার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দু’ জনকেই বা যে কোনো একজনকে অন্তত রেখে দেয়ার শেষ চেষ্টা করবে বলে জানা গেছে। ক্রিকেট শ্রীলঙ্কার প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা সেরকম ইঙ্গিতও দিয়েছেন, ‘এক্স-কো এরকম দুটো পদত্যাগপত্র পেয়েছে। তারা এখন সিদ্ধান্ত নেবে যে, এদের কাউকে রাখার জন্য বাড়তি কোনো প্রস্তাব দেয়া হবে কি না।’
গ্রাহাস ফোর্ড ও পল ফ্যাব্রেসের সময় ফিল্ডিং কোচ ও বর্তমানে মারভান আতাপাত্তুর সময়ে সহকারী কোচ হিসেবে শ্রীলঙ্কা দলে কাজ করতে থাকা কালপাগেকে অবশ্য আটকানোর খুব একটা চেষ্টা হবে না বলে অনুমান করছে দেশটির সংবাদ মাধ্যম। শ্রীলঙ্কার হয়ে ১১টি টেস্ট ও ৮৬টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডারের পারফরম্যান্সে খুব সন্তুষ্ট নয়। এমনকি কালপাগে পদত্যাগের আগেই তারা নতুন ফিল্ডিং কোচ খুঁজতে শুরু করেছে বলেও জানা গেল।
তবে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট চেষ্টা করবে দেশটির হয়ে একটি মাত্র টেস্ট খেলা পিয়ালকে আটকানোর। বিশেষ করে লঙ্কান স্পিনার সচিত্র সেনানায়েকের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার জন্য তাকে দরকার বলে মনে করছে তারা। এ ছাড়া মুরালি-উত্তর যুগে দলে আসা তরুণ স্পিনারদের পাশে পিয়ালকে খুব গুরুত্বপূর্ণ কোচ বলে মনে করা হয়।
এদিকে পিয়াল ও কালপাগে বাংলাদেশ দলে যোগ দিলে বাংলাদেশ কার্যত নব্বইয়ের মাঝামাঝির শ্রীলঙ্কা দলের ছায়ায় থাকা একটি দলে পরিণত হবে। প্রধান কোচ হাতুরুসিংহের আরেক সতীর্থ মারিও বিল্লাভারায়ান এরই মধ্যে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ট্রেনার হিসেবে। আসছেন আরও দুই সতীর্থ।
