যমুনা ব্যাংকের ডিএমডিকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২১:৩৭
অনিয়মের মাধ্যমে বিসমিল্লাহ গ্রুপকে ঋণ পাইয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোজাম্মেল হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। কয়েকটি বেসরকারি ব্যাংক থেকে কয়েক শত কোটি টাকা সরানোর অভিযোগে গত বছরের ৩ নভেম্বর দুদক রাজধানীর রমনা মডেল, মতিঝিল ও নিউমার্কেট থানা ১২টি মামলা দায়ের করে। ভুয়া কাগজপত্র দেখিয়ে অর্থ সরানো হয়েছে বলে এসব মামলায় অভিযোগ করা হয়। এতে বিসমিল্লাহ গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের ১৩ জন এবং পাঁচ ব্যাংকের ৪০ জনকে আসামি করা হয়। প্রাইম ব্যাংকের কর্মকর্তা হিসাবে মোজাম্মেল হোসেনকে দুই মামলায় আসামি করা হয়। পরে তিনি যুমনা ব্যাংকে যোগ দেন। গত ২০ জানুয়ারি এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন চান। গত ২২ জুলাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। জামিন পাওয়ার পরদিনই কারাগার থেকে বেরিয়ে আসেন মোজাম্মেল। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আদালতে দুদকের পক্ষে এডভোকেট মো. খুরশীদ আলম খান ও মোজাম্মেলের পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম শুনানি করেন। শুনানি শেষে চেম্বার বিচারপতি আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেন।