মীরাক্কেল :ছুটলেন শাকিব খান এবং...

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:১৬
হঠাত্ করেই নিজের ছবির প্রচারণার ব্যস্ততম শিডিউল ফেলে কলকাতায় ছুটলেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান। নিজের ছবি নিয়ে কথা বলার জন্যই এই ছুট দেওয়া। শাকিব নিজেই জানালেন। কিন্তু এদিকে ঈদের একাধিক অনুষ্ঠানে তার হাতে প্রযোজকদের নাজেহালের খবরও পাওয়া গেল। আরটিভিতে ঈদে একটি শোতে শাকিব-অপু-ববিকে নিয়ে একটি শো করতে সকাল থেকে সেট ও ক্রু নিয়ে বসে থাকলেও শাকিব সেটে এসে পৌঁছান রাত ৯টার দিকে। অন্যদিকে এশিয়ান টিভির মুভি বাজারের শুরুর দিকে সঞ্চালক শাকিবকে অতিথি হিসেবে অফার করলেও তিনি ছিলেন গররাজি। অবশেষে ছবি রিলিজের পরই এই অনুষ্ঠানের অতিথি হয়ে এলেন। এদিকে সময় টিভি, চ্যানেল টোয়েন্টি ফোরসহ একাধিক চ্যানেলে প্রচার হচ্ছে শাকিবের নতুন ছবির নকল সমাচার। তেলেগু ছবি ‘রেবেল’-এর হুবহু কাট টু শট নকল করেছেন শাকিব তার প্রথম প্রযোজনায়। একাধিক নিউজ চ্যানেলে বিভিন্ন দর্শক প্রতিক্রিয়ায় যখন এই মন্তব্য করছেন তখন আর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। এদিকে কলকাতার চ্যানেলের অনুষ্ঠানে আগের রাতে ফোন পেয়েই পরদিন কলকাতায় ছুটে যান শাকিব। তবে মীরাক্কেল ইউনিটের পক্ষ থেকে জানা যায়, অনুষ্ঠান প্রযোজক ও সঞ্চালককে আগেই অনুরোধ করেছেন শাকিব যাতে তার ছবির নকলবাজি নিয়ে কোনো ধরনের স্যাটায়ার না করা হয়। এছাড়া হুবহু নকল নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক মহল সমালোচনা করছেন। এ প্রসঙ্গে কোনো যুক্তিও খণ্ডাচ্ছেন না শাকিব খান। এছাড়া ঈদের বিভিন্ন অনুষ্ঠানে কোনো সঞ্চালকই এ নিয়ে কোনো প্রশ্নও করেননি। তবে এ প্রসঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোরের টানা কয়েকদিনের সিরিজ রিপোর্ট প্রসঙ্গে চ্যানেলটির বিনোদন প্রধান নাজমুল হাসান রানা বলেন, ‘আমরা চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই এই রিপোর্ট করেছি। কারণ তার প্রথম প্রযোজনার প্রতি আমাদের সকলেরই একটি উচ্চাশা ছিল। কিন্তু তিনি আমাদের লজ্জায় ডুবিয়েছেন। সাধারণত প্রতি ঈদের ছবিগুলো কমপক্ষে টানা ২ সপ্তাহের কন্ট্রাক্ট থাকলেও একাধিক সিনেমা হল থেকে ছবিটি নামিয়ে দেওয়া হয়েছে।’