পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসী হাই কমিশনার জেফ্রি ডয়িজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাত্ করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতে তা আরো সম্প্রসারিত ও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্ষেত্রে আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও অন্যান্য জোটের আওতায় এবং এর বাইরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করলে হাই কমিশনার ডয়িজ তাতে একমত পোষণ করেন।
মাহমুদ আলী হাই কমিশনারকে প্রতিযোগিতামূলক মূল্যে বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী ও আসবাবপত্র রফতানির সুযোগ রয়েছে বলে উল্লেখ করলে হাই কমিশনার তা দক্ষিণ আফ্রিকায় আমদানির আগ্রহ প্রকাশ করেন। হাই কমিশনার গত ৫ জানুয়ারি নির্বাচনে জয়ী হয়ে নতুনভাবে সরকার গঠন করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানান এবং সীমিত সম্পদ নিয়েও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষা, খাদ্য, ক্ষুদ্র ঋণ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে যেভাবে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন।
বৈঠককালে হাই কমিশনার ডয়িজ জানান যে, তার সরকারের শিগগিরই বাংলাদেশে একটি দূতাবাস খোলার পরিকল্পনা রয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে হাই কমিশনার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিভিন্ন বাণিজ্যিক প্রদর্শনী ও মেলায় বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যেই দুদেশের পদস্থ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং খুবই শিগগিরই ফরেন অফিস কনসালটেশন হবে। এছাড়াও আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ব্লু ইকোনমি বিষয়ক সেমিনারে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা হতে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে।
